আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজ ৭ম রোজা। দেখতে দেখতে রমজানের প্রথম সপ্তাহটা প্রায় শেষ হয়ে এল, তাই না? বুঝতেই পারলাম না সময়টা কীভাবে কেটে গেল। আজ সাহরির সময় হঠাৎ আম্মুর হাতের রান্নার ঘ্রাণে ছোটবেলার কথা খুব মনে পড়ে গেল।
ছোটবেলায় রোজা রাখা মানেই ছিল এক অন্যরকম রোমাঞ্চকর ব্যাপার। তখন আম্মুর কাছে বায়না ধরতাম—"আম্মু আমিও রোজা রাখব, আমিও সাহরি খাব!" কিন্তু আম্মু সাহরিতে তুলে ভাত খেতে দিলে খুব মন খারাপ হতো (মনে হতো সাহরি মানেই বুঝি অন্য স্পেশাল কিছু!)। তাও খুশি মনে খেয়ে নিতাম, কারণ আমিও রোজা রাখব।
দুপুরের পর যখন আর খিদে সহ্য করতে পারতাম না, তখন আম্মু বলত, "তুমি তো ছোট, তুমি 'পাখি রোজা' রাখো!" অর্থাৎ দুপুর পর্যন্ত না খেয়ে থাকলেই একটা রোজা হয়ে যাবে। সেই অদ্ভুত বিশ্বাসে বুক ফুলিয়ে চলতাম, যেন কত বড় কাজ করে ফেলেছি! সবাই দিনে একটা রোজা রাখত, আর আমি রাখতাম দুইটা (সকালে একটা, দুপুরে খেয়ে আবার বিকেলে একটা)—কী যে মজা লাগত তখন!
সবচেয়ে মজার ছিল ইফতারের সময়টা। ইফতারের ১৫-২০ মিনিট আগে থেকেই দস্তরখান সাজানো হতো। শরবতের গ্লাসে বরফের শব্দ, পিয়াজু আর বেগুনির সেই মন মাতানো ঘ্রাণ—সব মিলিয়ে এক অস্থির অপেক্ষা। তখন তো আর ইবাদতের গভীরতা বুঝতাম না, শুধু মনে হতো কখন আজান দেবে আর কামড় দেব মুচমুচে বেগুনিতে!
এখন বড় হয়েছি, রোজার গুরুত্ব বুঝি। এখন ইবাদত আর আত্মশুদ্ধিই আসল। কিন্তু সেই ছোটবেলার সাহরিতে আধো-ঘুমে উঠে খাওয়ার আনন্দ আর ইফতারের আগ মুহূর্তের সেই নির্মল অপেক্ষাটা আজও খুব মিস করি। রমজান আমাদের অনেক কিছু শেখায়, কিন্তু ছোটবেলার সেই স্মৃতিগুলোই যেন এই মাসটিকে আরও বেশি মায়াময় করে তোলে।
আপনাদেরছোটবেলার কোনো মজার 'পাখি রোজা'র গল্প আছে? কমেন্টে জানাতে ভুলবেন না .
#Rukaiya's Dairy



0 মন্তব্যসমূহ