আসসালামু আলাইকুম 

কেমন আছেন সবাই ,অনেকদিন পর আজ ডায়েরিটা খুললাম।চারদিকে কুরবানি ঈদের চাপা গুঞ্জন শুরু হয়েছে।কিন্তু কেন জানি,আমি এই উৎসবের বাতাসে আগের সেই ঈদের আমেজ,আনন্দ খুঁজে পাচ্ছিনা।আচ্ছা,ঈদের আনন্দ কি হারিয়ে গেলো নাকি,আমরাই উৎসবের সংজ্ঞা বদলে ফেললাম?রোজার ঈদে যেমন একটা মায়াবী চাঁদ রাতের অপেক্ষা থাকে, নতুন জামার ভাঁজে এক অদ্ভুত রহস্য লুকিয়ে থাকে—কুরবানির ঈদ যেন তার চেয়ে অনেক বেশি জটিল এক যান্ত্রিক হিসাব-নিকাশের মহাযুদ্ধ।

শৈশবে জানালার ধারে বসে গরুর গলার সেই ছান্দিক ঘণ্টার আওয়াজ শুনলে মনে হতো আনন্দ বুঝি দোরগোড়ায় কড়া নাড়ছে। আর এখন? এখন হাটের গরুর দাম আর মাংসের ভাগের হিসাব কষতে কষতে আমাদের আসল হাসিটাই যেন ক্লান্ত হয়ে কোথাও ঘুমিয়ে পড়ে। মাঝে মাঝে খুব শান্ত হয়ে ভাবি, আমরা কি আসলেও কুরবানি দিচ্ছি, নাকি কেবল রুটিন মাফিক একটা সামাজিক নিয়ম পালন করছি? কুরবানি মানে তো ত্যাগের মহিমা, কিন্তু সেই ত্যাগের রহস্য যদি আমাদের মনের গহীনেই না পৌঁছায়, তবে এই এতো এতো আয়োজন কি কেবলই এক কৃত্রিম প্রদর্শনী নয়? কেন জানি মনে হয়, ঈদের সকালে মায়ের হাতের সেই চিরচেনা সেমাইয়ের ঘ্রাণেও এখন আর আগের মতো সেই ‘মায়া’ মিশে নেই। সবাই যেন খুব দ্রুত দৌড়াচ্ছে, সবার মাঝেই এক অদ্ভুত অস্থিরতা আর নিজেকে জাহির করার প্রতিযোগিতা।

আমরা হয়তো বড় হয়ে গেছি, কিংবা বড্ড বেশি ‘প্র্যাকটিক্যাল’ হয়ে গেছি বলে উৎসবের সেই আদিম সারল্য আমাদের কাছে এখন একঘেয়েমি মনে হয়। জানালার ওপাশে তাকালে মনে হয়, ঈদ তো আসছে ঠিকই, কিন্তু সেই উপচে পড়া খুশির বদলে আমাদের হাতে ধরা দিচ্ছে কেবল একরাশ যান্ত্রিক ক্লান্তি আর মেকি হাসির সেলফি। রোজার ঈদের সেই চপলতা আর কুরবানি ঈদের এই গুরুগম্ভীর ব্যস্ততার মাঝে দাঁড়িয়ে আমি কেবল সেই হারানো সুগন্ধটাই খুঁজে বেড়াচ্ছি যা আমাদের মনকে তৃপ্ত করতো। আমার কি একাই এমন মনে হচ্ছে? নাকি কুরবানির পশুর সাথে সাথে আপনারা আপনাদের মনের সেই আদি আনন্দটাকেও সস্তা দামে কোথাও বিক্রি করে দিয়েছেন? আপনাদের ঈদের প্রস্তুতি কি আসলেও মনের তৃপ্তির জন্য, নাকি কেবল একটা দায়িত্ব পালনের দায়সারা রহস্যময় শূন্যতা?

#Rukaiya's Diary